মাঝরাতে হাবড়া স্টেশনে বুলডোজারের তাণ্ডব, গুঁড়িয়ে গেল দোকান ও পার্টি অফিস!
হাবড়ায় রেলের উচ্ছেদ অভিযান: রাতভর রণক্ষেত্র স্টেশন চত্বর
উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেশনে রেলের জমি জবরদখল মুক্ত করতে সোমবার গভীর রাতে উচ্ছেদ অভিযান চালাল রেল কর্তৃপক্ষ। ১৫ জুন পর্যন্ত নির্ধারিত সময়সীমা পার হওয়ার পরও অবৈধ দোকানপাট ও পাকা নির্মাণ সরিয়ে না নেওয়ায় মধ্যরাতে এই অভিযান চালানো হয়। বনগাঁ-বারাসাত জিআরপি, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বুলডোজার দিয়ে একের পর এক অবৈধ কাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে রেলের জায়গায় গড়ে ওঠা সিপিএমের একটি পার্টি অফিসও ভেঙে ফেলা হয়েছে।
এই উচ্ছেদ কার্যক্রমকে কেন্দ্র করে এলাকাটিতে চরম উত্তেজনা ছড়ায় এবং হকার ও বাম কর্মী-সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের দাবি, স্টেশনে নিত্যযাত্রীদের হাঁটাচলার সুবিধা এবং যানজট নিরসনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে, বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করায় জীবিকা হারিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হকাররা। এ নিয়ে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।