মহিলা সংরক্ষণ বিল পাসে বিশেষ অধিবেশনের পথে কেন্দ্র, লোকসভায় আসন বাড়ানোর পরিকল্পনা

সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি কার্যকর করতে ফের উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। রাজনৈতিক বাধা কাটিয়ে এই বিল পাশ করানোর লক্ষ্যে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার প্রস্তুতি শুরু হয়েছে। এই উদ্দেশ্যে নতুন করে সংবিধান সংশোধনী বিল আনার পরিকল্পনা রয়েছে নরেন্দ্র মোদী সরকারের। সরকারি সূত্রের খবর, ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ার মাধ্যমেই লোকসভা ও বিধানসভায় নারী সংরক্ষণের পথ প্রশস্ত করতে চাইছে কেন্দ্র।
কেন্দ্রের নতুন এই প্রস্তাবের অন্যতম বড় দিক হলো লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার পরিকল্পনা। বর্তমানে লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা ৫৪৩ হলেও, নতুন প্রস্তাবে তা ৮৫০ করার কথা ভাবা হয়েছে। ডিলিমিটেশনের মাধ্যমে নির্বাচনী কেন্দ্রের সীমানা নতুন করে সাজানোর পাশাপাশি প্রতিটি রাজ্যে লোকসভার আসন সংখ্যা প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। মোদী সরকারের লক্ষ্য হলো, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই এই ৩৩ শতাংশ আসন সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করা।
চলতি বছরের এপ্রিল মাসে বাজেট অধিবেশনের একটি বিশেষ পর্বে এই বিলটি আনা হলেও তা পাশ করানো সম্ভব হয়নি। সেদিন বিলের পক্ষে ২৯৮ জন সাংসদ ভোট দিলেও বিপক্ষে পড়েছিল ২৩০টি ভোট। প্রয়োজনীয় বিশেষ সংখ্যাগরিষ্ঠতা না মেলায় বিলটি আটকে যায়। তবে এবার প্রয়োজনীয় সংখ্যার চেয়ে ১৫ থেকে ১৮টি ভোট বেশি পাওয়ার বিষয়ে সরকার আত্মবিশ্বাসী। যদিও এই বিশেষ অধিবেশনের দিনক্ষণ বা আলোচ্যসূচি এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।