মহারাষ্ট্রে কি ফের বড় ভাঙনের ছায়া, উদ্ধব ঠাকরের ভবিষ্যৎ এখন কোন পথে?
দিল্লির রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের সাংসদদের দল ছাড়ার রেশ কাটতে না কাটতেই এবার মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) শিবিরে ভাঙনের তীব্র জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে গুঞ্জন, আগামী এক সপ্তাহের মধ্যে উদ্ধব শিবিরের অন্তত ১৪ থেকে ১৬ জন বিধায়ক এবং ৭ জন লোকসভা সাংসদ দলবদল করতে পারেন। এই সম্ভাব্য ভাঙনকে ঘিরে মহারাষ্ট্রের রাজনীতিতে ‘অপারেশন টাইগার’ নামে একটি নতুন শব্দবন্ধ চর্চায় উঠে এসেছে। বিষয়টি মোকাবিলায় দলনেতা উদ্ধব ঠাকরে রবিবার ‘মাতোশ্রী’ বাসভবনে দলের সব লোকসভা সাংসদদের নিয়ে জরুরি বৈঠক করেছেন।
দলীয় ভাঙনের এই জল্পনাকে দৃঢ়ভাবে অস্বীকার করেছেন শিবসেনা (ইউবিটি) সাংসদ অরবিন্দ সাওয়ান্ত। তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেন, দল ছাড়ার গুঞ্জন ভিত্তিহীন এবং রবিবার উদ্ধব ঠাকরের ডাকা বৈঠকে সব সাংসদই উপস্থিত ছিলেন। অন্যদিকে, শিন্ডে শিবিরের সাংসদ প্রতাপরাও যাদবের দাবি, উদ্ধব শিবিরের অনেক জনপ্রতিনিধিই ঠাকরে পরিবারের নেতৃত্বের ওপর অসন্তুষ্ট এবং দলের অন্দরে শ্বাসরোধকারী পরিবেশের কারণে তারা দল ত্যাগের চিন্তাভাবনা করছেন। এছাড়া শিন্ডে শিবিরের নেতা শায়না এনসি এই সম্ভাব্য দলবদলকে রাজ্যের উন্নয়নের জন্য ‘অপারেশন প্রোগ্রেস’ বলে অভিহিত করেছেন। পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই এই রাজনৈতিক পরিস্থিতির প্রকৃত চিত্র স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা।