মমতার মন্তব্যে ‘উস্কানির’ অভিযোগ: রাজ্যের সিইও-র কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের – বর্তমান নিউজ

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে কড়া অবস্থান নিল জাতীয় নির্বাচন কমিশন। মাটিগাড়া-নকশালবাড়ির জনসভা থেকে ভোটারদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “ভোটের সময় কেউ ভয় দেখাতে আসলে ঘরে যা হাতা-খুন্তি আছে, তাই নিয়ে বেরোবেন।” এই মন্তব্যের ভিডিও ক্লিপ সমাজমাধ্যমে ভাইরাল হতেই অশান্তির আশঙ্কায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কাছে দ্রুত রিপোর্ট তলব করেছে কমিশন।
জনসভায় কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তা এবং প্রশাসনিক রদবদল নিয়ে বিজেপি ও কমিশনকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বুথ পাহারা দেওয়ার ডাক দিয়ে মহিলাদের উদ্দেশে তাঁর বার্তা ছিল, বহিরাগতরা ছাপ্পা দিতে আসলে যেন রুখে দাঁড়ানো হয়। রাজ্যজুড়ে ভোট ঘোষণার আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও বিভিন্ন জেলায় অশান্তি ও খুনের ঘটনা অব্যাহত রয়েছে, যা নিয়ে উদ্বিগ্ন কমিশন।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে ইতিমধ্য়েই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তাঁর জায়গায় প্রবীর ঘোষকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। ভোটের আবহে মুখ্যমন্ত্রীর এই ‘হাতা-খুন্তি’ দাওয়াই উস্কানিমূলক কি না, এখন সিইও-র রিপোর্টের ভিত্তিতেই তা খতিয়ে দেখবে জাতীয় নির্বাচন কমিশন।