ভোটার তালিকা থেকে নাম বাদ: সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, রাজ্যকে নোটিস

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নাগরিকদের সমস্যা সমাধানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে, যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাদের আবেদনগুলিকে অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তি করতে হবে।

একইসঙ্গে, ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির শুনানি আপাতত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার শুনানিতে আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেন যে, নাম বাদ যাওয়ার ফলে বহু মানুষ রেশন ও অন্নপূর্ণা যোজনার মতো সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি জানান, ভুলবশত বাদ পড়া নামের মধ্যে ৯৩ শতাংশ পুনরায় অন্তর্ভুক্ত হলেও এখনও ২২ লক্ষ নাম বিচারাধীন রয়েছে। এই নাগরিকদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে শীর্ষ আদালত রাজ্য সরকারকে নোটিস পাঠিয়ে জবাব তলব করেছে। দ্রুত আপিল নিষ্পত্তির লক্ষ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শ অনুযায়ী অ্যাপেলেট ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কমিশনকে এক মাসের মধ্যে পরিকাঠামো তৈরি ও স্থান চিহ্নিত করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। এক্ষেত্রে কলকাতা পুরসভা এলাকাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, যাদের নাম বাদ পড়ার অভিযোগ রয়েছে, তাদের অবিলম্বে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *