মমতাকে ছেঁটেই নয়া কমিটি, তৃণমূলের হেভিওয়েটদের শোকজে শোরগোল!
মমতাকে বাদ দিয়ে তৃণমূলের নতুন কমিটি গঠন, ফিরহাদ-অরূপ বিশ্বাসসহ একগুচ্ছ হেভিওয়েট নেতাকে শোকজ
তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের আপত্তি উপেক্ষা করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে নতুন কমিটি গঠনের জেরে তীব্র রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। সোমবার নিউটাউনের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে তৃণমূলের সমান্তরাল কমিটি ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পরপরই দলবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী এবং সাবিনা ইয়াসমিনসহ একগুচ্ছ হেভিওয়েট নেতাকে শোকজ নোটিস পাঠিয়েছে দলের শৃঙ্খলারক্ষা কমিটি।
ঘোষিত সমান্তরাল কমিটিতে অরূপ রায়কে চেয়ারপার্সন হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম ও রথীন ঘোষ। সাধারণ সম্পাদক হিসেবে জাভেদ খান, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সাবিনা ইয়াসমিনের নাম ঘোষণা করা হয়েছে। কোষাধ্যক্ষ করা হয়েছে আখরুজ্জামানকে। পাশাপাশি, এই কমিটিতে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়সহ মোট দশজনকে জাতীয় কর্মসমিতির সদস্য হিসেবে রাখা হয়েছে। নিউটাউনের এই বৈঠকে উপস্থিত ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার মতো নেতারা।