মদ কি সত্যিই নিষিদ্ধ হচ্ছে বাংলায়? ৩০ সেপ্টেম্বরের ভাইরাল খবর নিয়ে মুখ খুলল পিআইবি!
পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের আবহে সোশ্যাল মিডিয়ায় একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আগামী ৩০ সেপ্টেম্বর থেকে সম্পূর্ণভাবে মদের দোকান বন্ধ করে দেওয়া হবে এবং পশ্চিমবঙ্গকে ‘ড্রাই স্টেট’ ঘোষণা করা করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে একটি সংবাদমাধ্যমের ভুয়ো স্ক্রিনশট ব্যবহার করে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবির কোনো ভিত্তি নেই।
বিভ্রান্তি ও আসল তথ্য
ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হয়েছিল যে, শপথ গ্রহণের পর নতুন সরকার ৩০ সেপ্টেম্বর থেকে অ্যালকোহল নিষিদ্ধ করার পথে হাঁটবে। এমনকি ইন্ডিয়া টুডে-র মতো নামী সংবাদমাধ্যমের লোগো ব্যবহার করে এই সংক্রান্ত খবর প্রচার করা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই কেন্দ্রীয় সরকারের ফ্যাক্ট চেক সংস্থা পিআইবি (PIB) স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এই দাবিটি সম্পূর্ণ ভুয়ো। সরকারের পক্ষ থেকে মদ নিষিদ্ধকরণ সংক্রান্ত এমন কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং ভাইরাল হওয়া স্ক্রিনশটটি আসলে বিকৃত বা এডিট করা।
রাজস্ব ও প্রশাসনিক বাস্তবতা
রাজনৈতিক বিশ্লেষক ও বিশেষজ্ঞদের মতে, কোনো রাজ্যে হুট করে মদ নিষিদ্ধ করা প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত জটিল। পশ্চিমবঙ্গ সরকারের রাজস্বের একটি বিশাল অংশ আসে আবগারি শুল্ক থেকে। ফলে পর্যাপ্ত নীতিগত প্রস্তুতি বা বিকল্প আয়ের উৎস নিশ্চিত না করে এমন কোনো বড় সিদ্ধান্ত নেওয়া কার্যত অসম্ভব। মূলত রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে এবং জনমনে আতঙ্ক বা বিভ্রান্তি ছড়াতে বিরোধী শিবির বা কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী এই ধরনের গুজব ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। সাধারণ মানুষকে এই ধরনের যাচাইহীন তথ্যে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।