মঙ্গলের শিলাস্তরে কোরান্ডামের উপস্থিতি, লাল গ্রহের ভূতাত্ত্বিক ইতিহাস নিয়ে নতুন তথ্য

নাসার পারসিভারেন্স রোভার মঙ্গলের জেজ়েরো গহ্বরের কাছে শিলা বিশ্লেষণ করার সময় একটি বিশেষ লালচে আলোকচ্ছটা শনাক্ত করেছে। রোভারের সুপারক্যাম যন্ত্রে থাকা লেজ়ার ও স্পেক্টোস্কোপিক প্রযুক্তির মাধ্যমে এই পরীক্ষা চালানো হয়। গবেষণায় দেখা গেছে, শিলার মধ্যে থাকা ক্রোমিয়ামযুক্ত কোরান্ডাম খনিজের উপস্থিতির কারণেই এই লাল আভা তৈরি হচ্ছে। পৃথিবীতে এই খনিজটি চুনি বা রুবি নামে পরিচিত হলেও, মঙ্গলের মাটিতে রত্নপাথর খুঁজে পাওয়ার সম্ভাবনা নাকচ করেছেন বিজ্ঞানীরা।
গবেষক দলের মতে, এই আবিষ্কারটি মঙ্গলের ভূতাত্ত্বিক বিবর্তনের রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পৃথিবীতে সাধারণত প্লেট টেকটনিক বা পাতের সঞ্চালনের ফলে শিলার রূপান্তর ঘটে, কিন্তু মঙ্গলে সেই প্রক্রিয়া অনুপস্থিত। বিজ্ঞানীদের ধারণা, অতীতে কোনো শক্তিশালী উল্কা বা গ্রহাণুর আঘাতে প্রচণ্ড তাপ উৎপন্ন হওয়ার ফলেই মঙ্গলের বুকে এই ধরনের খনিজ স্ফটিক তৈরি হয়ে থাকতে পারে।
জিওফিজ়িক্যাল রিসার্চ লেটার্স পত্রিকায় প্রকাশিত এই গবেষণার মূল লক্ষ্য চুনি খুঁজে বের করা নয়, বরং মঙ্গলের প্রাচীন ইতিহাস ও বিবর্তনের প্রক্রিয়া বোঝা। এই খনিজটি কী ভাবে এবং কোন প্রাকৃতিক প্রক্রিয়ায় মঙ্গলের বুকে সৃষ্টি হয়েছে, তা জানতে পারলে লাল গ্রহের গঠন সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে। রোভারের পাঠানো এই তথ্য মঙ্গলের ভূতাত্ত্বিক ইতিহাসের অজানা অধ্যায়গুলো উন্মোচনে বিজ্ঞানীদের নতুন দিশা দেখাচ্ছে।