ভ্যাপসা গরমেও আসবে না বিদ্যুতের বিল! এই উপায়েই মিলবে মুক্তি
প্রবল দাবদাহে চড়া বিদ্যুৎ বিলের হাত থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’ যোজনার আওতায় বাড়ির ছাদে সৌর প্যানেল বসানোর আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নন্দীগ্রামে একটি জনকল্যাণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে সৌর বিদ্যুৎ ব্যবহার করলে সাধারণ মানুষের মাসিক বিদ্যুৎ খরচ কার্যত শূন্যে নেমে আসবে। কেন্দ্রের এই জনমুখী প্রকল্পের সুবিধা গ্রহণ করে পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থার প্রসারে রাজ্যবাসীকে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি।
এই প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সৌর প্যানেল বসাতে কেন্দ্র সরকার আর্থিক ভর্তুকি প্রদান করবে। নিয়ম অনুযায়ী, ১০০ ইউনিটের সৌর পরিকাঠামো তৈরির জন্য ৩০ হাজার টাকা, ২০০ ইউনিটের জন্য ৬০ হাজার টাকা এবং ৩০০ ইউনিটের প্ল্যান্টের জন্য সর্বোচ্চ ৭৮ হাজার টাকা সরকারি অনুদান পাওয়া যাবে। আগ্রহী ব্যক্তিরা স্থানীয় জনকল্যাণ শিবির থেকে অথবা ‘পিএম সূর্য ঘর’ যোজনার অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই বিশেষ উদ্যোগ কার্যকর হলে একদিকে যেমন রাজ্যবাসীর বিদ্যুৎ খরচ সাশ্রয় হবে, তেমনি কয়লাভিত্তিক বিদ্যুতের ওপর চাপও কমবে।