ভোটার তালিকা থেকে নাম বাদ: সরকারি সুবিধা বন্ধের অভিযোগ, রাজ্যের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট

পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ফলে সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কি না, তা নিয়ে রাজ্য সরকারের কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই সংক্রান্ত একটি আবেদনের শুনানি হয়।
প্রসেনজিৎ বসুর করা এই আবেদনে দাবি করা হয়েছে যে, এসআইআর-এর ভিত্তিতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের অন্নপূর্ণা যোজনা, রেশন বা ওবিসি শংসাপত্রের মতো জনকল্যাণমূলক পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। আবেদনকারীদের আইনজীবীদের অভিযোগ, রাজ্য সরকারের ৪ জুনের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এসআইআর-এর ফলাফলের ভিত্তিতে গণবণ্টন ব্যবস্থা বা পিডিএস উপভোক্তাদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর ফলে নাগরিকরা তাঁদের মৌলিক অধিকার ও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ।
শুনানিতে প্রশান্ত ভূষণ ও গোপাল শঙ্করনারায়ণন দাবি করেন, সুপ্রিম কোর্ট আগেই স্পষ্ট করে দিয়েছিল যে ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা বন্ধ করা যাবে না। তবুও রাজ্য সরকার এই ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচী জানান, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সঙ্গে সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার কোনো সম্পর্ক থাকা উচিত নয়। আদালত এও স্পষ্ট করেছে যে, যদি কোনো ব্যক্তি বাস্তবে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন, তবে তিনি হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। সলিসিটর জেনারেল তুষার মেহতা এই অভিযোগের বিরোধিতা করলেও, আদালত জানিয়েছে যে আবেদনকারীরা যেহেতু একটি নির্দিষ্ট বিজ্ঞপ্তির কথা উল্লেখ করেছেন, তাই সেই বিজ্ঞপ্তি বাস্তবে কার্যকর হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।