ভূপেন্দ্র যাদবের বাড়িতে সুদীপ! তৃণমূলের অন্দরে কি তবে বড় ভাঙন?
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর দলের ভেতরে ভাঙন প্রবল আকার ধারণ করেছে। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী ও কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির শীর্ষনেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের গাড়িতে করে ভূপেন্দ্র যাদবের বাসভবনে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে কেন্দ্র করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা জোরালো হয়েছে, যা মমতা বন্দ্যোপাধ্যায়কে জাতীয় রাজনীতিতে আরও একঘরে করে তুলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
বিধানসভা নির্বাচনের ভরাডুবির পর থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দলের ৮০ জন বিধায়ক নিজেদের পৃথক গোষ্ঠী হিসেবে দাবি করছেন। একইসঙ্গে লোকসভায় তৃণমূলের ২৮ জন সাংসদের মধ্যে ১৯ জন ইতিমধ্যেই এনডিএ-কে সমর্থনের কথা জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির দিকে পা বাড়ালে সেই সংখ্যা ২০-এ পৌঁছাবে। রবিবার সুদীপের শিবির পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে এবং সোমবার বিদ্রোহী সাংসদরা সংসদে যাবেন। স্পিকার এই বিদ্রোহী গোষ্ঠীর বিষয়ে কী আইনি পদক্ষেপ গ্রহণ করেন, তার ওপরই নির্ভর করছে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ।