ভূত চতুর্দশীর রাতে মর্মান্তিক খুন, দুই ভাইয়ের হাতে প্রাণ গেল যুবকের! – বর্তমান বাংলা

ভূত চতুর্দশীর রাতে মর্মান্তিক খুন, দুই ভাইয়ের হাতে প্রাণ গেল যুবকের! – বর্তমান বাংলা

কালীপুজোর আগের রাতে কোচবিহারে পারিবারিক বিবাদে ভাইয়ের হাতে প্রাণ হারালেন দাদা

নিজস্ব প্রতিবেদন, কোচবিহার: কালীপুজোর আগের রাতে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ভাইদের মারধরের জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহারে। নিহতের নাম নৃপেন বাদ্যকর। তিনি দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের দেওয়ানহাট হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে নৃপেন বাদ্যকরের সঙ্গে তাঁর দুই ভাই গেন্দা বাদ্যকর ও জিতেন বাদ্যকরের বচসা শুরু হয়। এই বচসা এক পর্যায়ে হাতাহাতির রূপ নেয়। অভিযোগ, সেই সময় ওই দুই ভাই মিলে নৃপেনের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কিছুক্ষণ পর পরিবারের লোকজন নৃপেনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দেওয়ানহাট প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়েই দেওয়ানহাট ক্যাম্প ও কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে পরিবারের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে ঠিক কী কারণে ভাইদের মধ্যে এই অশান্তির সূত্রপাত হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *