ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, উত্তাল বসিরহাট হাসপাতাল! – বর্তমান বাংলা

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, উত্তাল বসিরহাট হাসপাতাল! – বর্তমান বাংলা

বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, শিশু মৃত্যুতে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: ভুল চিকিৎসায় পাঁচ মাসের এক শিশুকন্যার মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বসিরহাট জেলা হাসপাতাল চত্বর। পরিবারের সদস্যদের দাবি, চিকিৎসকদের চরম গাফিলতির কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত ওই শিশুকন্যাকে আজ ভোর ৪টে নাগাদ পরিবারের লোকজন চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, ভর্তির পর সঠিক সময়ে যথাযথ চিকিৎসা পরিষেবা না মেলায় শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয় এবং শেষপর্যন্ত তার মৃত্যু হয়।

এই ঘটনার খবর জানাজানি হতেই হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিশুটির আত্মীয় ও পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন এবং চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। হাসপাতাল চত্বরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও হাসপাতালের পক্ষ থেকে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতাল চত্বরে উত্তেজনা থাকলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কর্তৃপক্ষের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *