ভুটান সীমান্তের কাছে বক্সার বাঘিনী, উদ্বেগ বাড়ল বন দফতরের

বক্সা ব্যাঘ্র প্রকল্পের রয়্যাল বেঙ্গল বাঘিনীকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বন দফতরের অন্দরে। বাঘিনীটির অন্তঃসত্ত্বা হওয়ার খবরের মাঝেই তার বর্তমান অবস্থান নিয়ে চিন্তিত বন্যপ্রাণ বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাঘিনীটি বর্তমানে চুনিয়া ঝোরা নদী সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে এই এলাকাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় বাঘিনীটির আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভুটানের জঙ্গলে ঢুকে পড়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে।
চুনিয়া ঝোরা এলাকা থেকে ভুটানের আন্তর্জাতিক সীমান্তের দূরত্ব মাত্র চার থেকে পাঁচ কিলোমিটার। সীমান্তের ওপারেই রয়েছে ভুটানের গভীর ও দুর্গম বনাঞ্চল। একবার বাঘিনীটি সীমান্ত পেরিয়ে ভুটানে প্রবেশ করলে তার ওপর নজরদারি চালানো বা তাকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এছাড়া ওই এলাকা থেকে প্রায় ১২ থেকে ১৫ কিলোমিটার দূরে সংকোশ নদী পেরিয়ে অসমের বিস্তীর্ণ অরণ্য শুরু হওয়ায় বাঘিনীটির বক্সার সীমানা ছাড়ার ঝুঁকি আরও বেড়েছে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে বাঘিনীটিকে বক্সায় আনা হয়েছিল। এর আগেও একবার সে নদী পেরিয়ে অসমে চলে গেলে তাকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে ফিরিয়ে আনা হয়। বর্তমানে বাঘিনীটি যাতে ভুটানের দিকে না যায়, সেজন্য সীমান্তবর্তী এলাকায় নজিরবিহীন সতর্কতা জারি করেছে বন দফতর। বাঘিনীর গতিপথ ঘোরাতে জলদাপাড়া থেকে অতিরিক্ত কুনকি হাতি ও বিপুল সংখ্যক বনকর্মী মোতায়েন করা হয়েছে। বাঘিনীটি সীমান্তের দিকে এগোলেই তাকে ভয় দেখিয়ে পিছু হটাতে উচ্চ ডেসিবেলের বাজি ফাটানোর দলও প্রস্তুত রাখা হয়েছে।