ভারত-ফ্রান্সের নতুন বন্ধুত্ব, বাংলায় আসছে বিপুল বিনিয়োগ!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরের আবহে দুই দেশের মধ্যে বাণিজ্য, উদ্ভাবন ও অসামরিক পরমাণু শক্তিসহ ১৯টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির হাত ধরে পশ্চিমবঙ্গে ফরাসি বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি ভারতে অবস্থিত ফরাসি দূতাবাস এবং ইন্দো-ফরাসি বণিক গোষ্ঠীর প্রতিনিধিদের মধ্যে এক উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গে ফরাসি সংস্থাগুলোর জন্য ব্যবসায়িক সুযোগ সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ভারত ও ফ্রান্সের মধ্যে বার্ষিক ১৬ বিলিয়ন মার্কিন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য আগামী পাঁচ বছরে ৩২ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য পূরণে পশ্চিমবঙ্গকে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভৌগোলিক অবস্থান, উন্নত বন্দর সংযোগ, দুই হাজারেরও বেশি স্টার্ট-আপের উপস্থিতি এবং উত্তর-পূর্ব ভারত ও বিমস্টেকভুক্ত দেশগুলোর প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে রাজ্যটি ফরাসি বিনিয়োগের জন্য একটি আদর্শ গন্তব্য হতে পারে। ২০২৪-২৫ অর্থবর্ষে রাজ্যের রপ্তানির পরিমাণ ১২ বিলিয়ন ডলার অতিক্রম করায় ফরাসি বিনিয়োগকারীদের কাছে এখানকার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।