ভাইফোঁটায় তুষারপাতে ঢাকল সান্দাকফু, শিলাবৃষ্টিতে উত্তরের সমতলে ফসলের ক্ষতির আশঙ্কা

ভাইফোঁটার দিন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুতে তুষারপাতের সাক্ষী থাকল পাহাড়। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৬৩৬ মিটার উঁচুতে অবস্থিত এই এলাকায় বুধবার সকালে ভারী শিলাবৃষ্টির পর বিকেলে শুরু হয় তুষারপাত। একই সঙ্গে সিকিমের নাথু-লা পাস সংলগ্ন জওহরলাল নেহরু রোড এবং উত্তর সিকিমের বিভিন্ন এলাকাও বরফের চাদরে ঢেকেছে। পাহাড়ি জনপদ ঘন কুয়াশায় ঢাকা পড়ায় এবং তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় জনজীবন প্রভাবিত হয়েছে।
পাহাড়ের পাশাপাশি উত্তরের সমতলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিয়েছে। জলপাইগুড়ির রাজগঞ্জ, গাজলডোবা এবং আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের বিভিন্ন এলাকায় ভারী শিলাবৃষ্টি হয়েছে। এর ফলে ধান ও চা বাগানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। শিলাবৃষ্টির দাপটে বহু বাড়ির চাল ফুটো হয়ে যাওয়ার খবরও মিলেছে। এছাড়া কার্শিয়াং, সেভক, খড়িবাড়ি, কোচবিহার, মালদহ এবং দুই দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং উত্তর-পূর্ব বিহারে তৈরি হওয়া জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবেই উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে এই বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। দার্জিলিং পাহাড়ে এদিন বৃষ্টির পরিমাণ ছিল ২.৫ মিলিমিটার এবং বিকেল নাগাদ তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। নেপালি ভাষাভাষীদের ভাইটিকা উৎসবের দিনে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উৎসবের আমেজ অনেকটাই ফিকে হয়ে যায়।