ভরা বর্ষাতেও ১২৫ বছরের রেকর্ড ভাঙল তাপমাত্রা! কেন এমন অস্বাভাবিক গরম? – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
ভারতের আবহাওয়া সংক্রান্ত রেকর্ড তৈরির ১২৫ বছরের ইতিহাসে সদ্যসমাপ্ত আগস্ট মাসটি ‘উষ্ণতম আগস্ট’ হিসেবে চিহ্নিত হয়েছে। আবহাওয়া দপ্তরের (আইএমডি) তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশজুড়ে আগস্ট মাসের গড় তাপমাত্রা ছিল ২৮.০১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৬৭ ডিগ্রি বেশি। ১৯০১ সালের পর থেকে এবারই আগস্টে রাতের গড় তাপমাত্রাও সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর মারাত্মক পরিবর্তনের ফলেই বর্ষার ভরা মরশুমেও তাপমাত্রার এই নজিরবিহীন বৃদ্ধি ঘটেছে।
বৃষ্টিপাতের বিশাল ঘাটতিই এই চরম তাপদাহের মূল কারণ বলে মনে করছেন আবহবিদরা। দেশজুড়ে কোথাও অতিবৃষ্টি ও বন্যা হলেও সামগ্রিকভাবে আগস্ট মাসে ১৬.৩ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে, যার ফলে ৪৭ শতাংশের বেশি জেলায় চরম বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে। ওড়িশা ও দক্ষিণবঙ্গের মতো কিছু ব্যতিক্রমী এলাকা ছাড়া দেশের অধিকাংশ স্থানেই মেগাবৃষ্টির অভাব ছিল স্পষ্ট। মৌসম ভবনের পূর্বাভাস, সেপ্টেম্বরেও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম থাকারই প্রবল সম্ভাবনা রয়েছে।