ব্যস্ত হাইওয়েতে প্রকাশ্য দিবালোকে নৃশংস খুন, গুলির পর কুপিয়ে হত্যা!
গুজরাটের বানসকান্থা জেলার ভাভ-থারাড এলাকায় ব্যস্ত হাইওয়ের পাশে শামালভাই ভিল নামক এক যুবককে প্রকাশ্য দিবালোকে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার জেটদা-দেওদার হাইওয়ের পাশে কুভানা গ্রামের একটি চা-দোকানের সামনে দাঁড়িয়ে থাকার সময় তিন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী পিস্তল, ছুরি ও ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর চড়াও হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আততায়ীরা প্রথমে যুবককে লক্ষ্য করে গুলি চালায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর বানসকান্থার পুলিশ সুপার চিন্তন তেরাইয়া জানিয়েছেন, ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে এবং হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।