বোতলজাত জলের গুণমান নিয়ে কড়া FSSAI, দেশজুড়ে শুরু নমুনা সংগ্রহ

ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) বোতলজাত জলের গুণমান নিশ্চিত করতে দেশজুড়ে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সংস্থাটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বোতলজাত জলের নমুনা সংগ্রহ করছে। FSSAI-এর মতে, খাদ্যদ্রব্যের জন্য নির্ধারিত সুরক্ষা মানদণ্ড কঠোরভাবে মেনে চলা বাধ্যতামূলক।

এই প্রক্রিয়ার অংশ হিসেবেই বিভিন্ন সংস্থার কারখানা ও দপ্তর পরিদর্শন করে নমুনা সংগ্রহ করা হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে এই পরীক্ষার ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি FSSAI বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমোদন দিয়েছে। সংস্থার একটি বোতলজাত জলের নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার বেশি পাওয়া গিয়েছিল। পরবর্তীতে রেফারেন্স ফুড ল্যাবরেটরিতে পাঠানো ওই নমুনায় পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন বা পিএএইচ-এর উপস্থিতি ধরা পড়ে। খাদ্য সুরক্ষা ও মান আইন, ২০০৬ অনুযায়ী এই উপাদানগুলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। এই প্রতিবেদনের ভিত্তিতেই সংস্থাটির বিরুদ্ধে মামলা রুজু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

FSSAI জানিয়েছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং খাদ্যপণ্যের মান যাচাইয়ের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। এর আগে দুগ্ধজাত পণ্য, মাংস, ডিম, এনার্জি ড্রিংকস এবং মিষ্টি পানীয়ের নমুনাও পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও লেবেলের দাবির বিরুদ্ধেও নজরদারি চালানো হচ্ছে।

এদিকে বিসলেরি ইন্টারন্যাশনাল দাবি করেছে যে তাদের জল পানের উপযোগী এবং তারা নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে। FSSAI আরও জানিয়েছে, কোনো সংস্থার নমুনায় বিধিভঙ্গ ধরা পড়লে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *