বুলডোজার দিয়ে গুঁড়িয়ে গেল তৃণমূলের কার্যালয়, উত্তাল উত্তরপাড়া!
সরকারি জমি দখল করে তৈরি তৃণমূল কংগ্রেসের অবৈধ পার্টি অফিস গুঁড়িয়ে দিতে বুলডোজার নিয়ে মাঠে নামলেন উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। সোমবার কোন্নগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের জোড়াপুকুর এলাকায় তিনি নিজে উপস্থিত থেকে বিধ্বংসী এই অভিযান পরিচালনা করেন। বিধায়কের এই পদক্ষেপের পর কোন্নগর ও উত্তরপাড়া এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
নিজেকে ‘বুলডোজার বাবা’ হিসেবে উল্লেখ করে দীপাঞ্জন চক্রবর্তী জানান, সরকারি জমিতে কোনো ধরনের বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। তাঁর অভিযোগ, দখল করা জায়গাগুলোতে তৈরি তৃণমূলের পার্টি অফিসগুলো সাধারণ মানুষের সেবার পরিবর্তে রাজনৈতিক দাপট ও ভয় দেখানোর কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এর আগে কোন্নগরের ২০ নম্বর ওয়ার্ডেও একই ধরনের অভিযানে একটি পার্টি অফিস ও বেশ কয়েকটি অবৈধ দোকান গুঁড়িয়ে দিয়েছিলেন তিনি। বিধায়ক সাফ জানিয়েছেন, উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের যেখানেই সরকারি জমি জবরদখল করে অবৈধ নির্মাণ থাকবে, তা ভাঙার প্রক্রিয়া অব্যাহত থাকবে। এদিকে, এই অভিযান নিয়ে বামপন্থীদের বিরোধিতার সমালোচনা করে বিধায়ক প্রশ্ন তুলেছেন, তৃণমূলের অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে সিপিএমের কেন গাত্রদাহ হচ্ছে।