বিশ্বমঞ্চে প্রযুক্তির নতুন নায়ক ভারত!
ফ্রান্স সফরে গিয়ে ভারতের বর্তমান প্রযুক্তিগত অগ্রগতির চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্যারিসে ‘ভারত ইনোভেটস’ মঞ্চে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উপস্থিতিতে প্রধানমন্ত্রী জানান, ভারত এখন আর কেবল প্রযুক্তির ক্রেতা নয়, বরং বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধানকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভারতের এই প্রযুক্তিগত উত্থান বিশ্বমঞ্চে নতুন এক পরিচিতি তৈরি করেছে বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী মোদির মতে, গত ১২ বছরে ভারতে উদ্ভাবনের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, যা প্রযুক্তিগত অগ্রগতিকে ত্বরান্বিত করেছে। তাঁর কথায়, উদ্ভাবন আসলে ভারতীয়দের ঐতিহ্যের সঙ্গে মিশে রয়েছে। এ সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতের ভূয়সী প্রশংসা করেন এবং চন্দ্রযান-৩ অভিযানের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, ভারত দ্রুতগতিতে আবিষ্কারের পথে এগিয়ে গিয়ে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। দু’দেশের এই পারস্পরিক সহযোগিতার বার্তা আন্তর্জাতিক প্রযুক্তিগত মানচিত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।