বিশ্বকাপের মঞ্চে নজর কাড়লেন নোরা ও বাংলাদেশি ডিজে!
কানাডার ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের মাটিতে ফিফা বিশ্বকাপ আয়োজনের উৎসব শুরু হয়েছে। মেক্সিকোতে আসরের মূল উদ্বোধনী অনুষ্ঠানের পর, টরন্টোর নেথান ফিলিপস স্কোয়ারে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যকার ফুটবল লড়াইয়ের আগে এক বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এই আয়োজনে কানাডার আদিবাসী সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি গায়ক উইলিয়াম প্রিন্স ও গায়িকা আলেসিয়া কারার পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে।
অনুষ্ঠানটির মূল আকর্ষণের কেন্দ্রে ছিলেন বলিউড তারকা নোরা ফাতেহি, ফরাসি গায়ক ভেজেড্রিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়। তাদের যৌথ পারফরম্যান্সে স্টেডিয়াম প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। বিশেষ করে নোরা ফাতেহির ‘সির সির’ গানের পরিবেশনা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। উল্লেখ্য, মুক্তির ২৪ ঘণ্টায় ইউটিউবে ২ কোটির বেশি ভিউ পাওয়া এই গানটি শাকিরার করা পূর্বের রেকর্ড ভেঙে দিয়েছে। ফিফার বিশ্বমঞ্চে দক্ষিণ এশীয় শিল্পীদের এই অংশগ্রহণ ক্রীড়া ও সংস্কৃতির এক নতুন মেলবন্ধন তৈরি করেছে।