বিশ্বকাপের ঠিক আগেই তোলপাড় ফুটবল বিশ্ব, ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পথে প্লাতিনি!
বিশ্বকাপ ফুটবলের আসর শুরুর কয়েক ঘণ্টা আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ ছয় ফুটবল কর্তার বিরুদ্ধে ফ্রান্সের আদালতে ফৌজদারি ও দেওয়ানি মামলা দায়ের করেছেন উয়েফার প্রাক্তন সভাপতি মিশেল প্লাতিনি। ২০১৬ সালে তাকে অনৈতিকভাবে ফিফা সভাপতি হওয়ার দৌড় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছেন এই কিংবদন্তি ফুটবলার। প্লাতিনির আইনজীবীর দাবি, সেই সময় তাকে বাধা দেওয়ার অন্যতম মূল কারিগর ছিলেন বর্তমান ফিফা সভাপতি ইনফান্তিনো।
সেপ ব্লাটারের উত্তরসূরি হিসেবে শীর্ষ দৌড়ে থাকলেও ২০১৫ সালে একটি বিতর্কিত আর্থিক লেনদেনের অভিযোগে প্লাতিনিকে আট বছরের জন্য নির্বাসনে পাঠায় ফিফার এথিক্স কমিটি। পরবর্তীতে সুইস আদালত তাকে নির্দোষ ঘোষণা করলেও সেই নিষেধাজ্ঞার কারণে তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। বিশ্ব আসরের ঠিক মুখে দায়ের করা এই মামলা ফিফার প্রশাসনিক স্বচ্ছতা ও বর্তমান নেতৃত্বের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। এ বিষয়ে জিয়ান্নি ইনফান্তিনোর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।