বিয়ের নিমন্ত্রণপত্রের লিঙ্কে ক্লিক, গুজরাটের যুবকের ১০ লক্ষ টাকা খোয়া গেল; উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার ১

গুজরাটের এক বাসিন্দা সম্প্রতি সাইবার প্রতারণার শিকার হয়েছেন। তাঁকে হোয়াটসঅ্যাপে একটি বিয়ের নিমন্ত্রণপত্রের APK ফাইল পাঠানো হয়েছিল। অভিযোগ, ওই ফাইলটি ডাউনলোড করার পরেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ টাকা উধাও হয়ে যায়।
এই ঘটনার তদন্ত শুরু করে সুরাট পুলিশ। তারা উত্তরপ্রদেশের বিজনৌর থেকে দেবেন্দ্র মালিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশি জেরায় জানা গিয়েছে, ধৃত ব্যক্তি টাকার বিনিময়ে সাইবার অপরাধীদের কাছে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিতেন। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা প্রথমে তাঁর অ্যাকাউন্টে জমা পড়ত। এরপর সেই টাকার ২০ শতাংশ নিজের কাছে রেখে বাকি অর্থ মূল অপরাধীদের কাছে পাঠিয়ে দিতেন তিনি। উত্তরপ্রদেশ পুলিশের সহায়তায় সুরাট সাইবার ক্রাইম শাখা এই চক্রের হদিস পায় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে।
এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। অপরিচিত কোনো নম্বর থেকে আসা হোয়াটসঅ্যাপ লিঙ্ক, ইমেল বা এসএমএস-এ থাকা লিঙ্কে ক্লিক না করার অনুরোধ জানানো হয়েছে। সাইবার প্রতারণার শিকার হলে দ্রুত ১৯৩০ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে প্রশাসন। কোনোভাবেই অজানা উৎস থেকে আসা APK ফাইল ডাউনলোড না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।