বিদায়বেলায় ফের দুর্যোগ! দক্ষিণবঙ্গে ৩ দিন ভারী বৃষ্টির সতর্কতা – বর্তমান বাংলা
বর্তমান ডেস্কঃ
দক্ষিণবঙ্গের আবহাওয়া সমাচার
বর্ষার শেষ পর্বে এসে ফের দক্ষিণবঙ্গে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। বৃষ্টির পাশাপাশি জেলায় জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দুর্যোগের নেপথ্যে একাধিক আবহাওয়া ব্যবস্থা: আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে উত্তরপ্রদেশের দক্ষিণ-পশ্চিমে একটি নিম্নচাপের সঙ্গে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা পূর্ব ও উত্তর-পূর্ব দিকে সরে যেতে পারে। পাশাপাশি, দক্ষিণ গুজরাট থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখাটি ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এই সবকটি আবহাওয়া ব্যবস্থার প্রভাবেই পূর্ব ভারতে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
দিনভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস:
- সোমবার: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম ও পশ্চিম বর্ধমানের এক-দুই জায়গায় ভারী বৃষ্টির (৭–১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঝোড়ো হাওয়া বইতে পারে।
- মঙ্গলবার: দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমান অঞ্চলে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
- বুধবার: দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার তাণ্ডব চলতে পারে। এই দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার বিচ্ছিন্ন জায়গায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।
জোয়ার-ভাটার সময়সূচি:
- প্রথম জোয়ার: ভোর ৫টা ২৪ মিনিট | ভাটা: সকাল ১০টা ১৪ মিনিট
- দ্বিতীয় জোয়ার: সন্ধ্যা ৬টা ৫০ মিনিট | ভাটা: রাত ১০টা ৫১ মিনিট
সূর্যোদয় ও সূর্যাস্ত:
- সূর্যোদয়: ভোর ৫টা ২১ মিনিট | সূর্যাস্ত: বিকেল ৫টা ৪৯ মিনিট