বিজয় মিছিলে নিষেধাজ্ঞা ও ১৬৩ ধারা জারি!

রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে অশান্তি রুখতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সোমবারের ভোটগণনা যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তার জন্য জেলা নির্বাচনী আধিকারিক, জেলা শাসক ও পুলিশ সুপারের পক্ষ থেকে একগুচ্ছ কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। কোনো প্রকার সংঘর্ষ বা রক্তপাত এড়াতে তমলুক, হলদিয়া, কাঁথি ও এগরার গণনা কেন্দ্রগুলোকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

নো-ফ্রাইং জোন ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রশাসনের পক্ষ থেকে জেলার চারটি মহকুমার গণনা কেন্দ্রকেই ‘নো-ফ্রাইং জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই এলাকাগুলোতে ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএস) ১৬৩ ধারা জারি করা হয়েছে। এই সীমানার মধ্যে সাধারণ যান চলাচলেও নিষেধাজ্ঞা থাকছে। কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আকাশপথে নজরদারির পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রগুলো।

বিজয় মিছিল ও বাজি ফাটানো বন্ধ

ভোটের ফল প্রকাশের পর জয়ী প্রার্থীরা সাধারণত বিজয় মিছিল করে থাকেন, তবে এবারের প্রেক্ষাপটে পূর্ব মেদিনীপুর জেলায় কোনো প্রকার বিজয় মিছিল করা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে বাজি ফাটানোর ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার থেকেই জেলার বিভিন্ন প্রান্তে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে এই নির্দেশিকা প্রচার করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মূলত জয়-পরাজয়কে কেন্দ্র করে যাতে কোনো গোষ্ঠী সংঘর্ষ না হয়, তা নিশ্চিত করাই এই নির্দেশিকার মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *