বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, গ্রেফতারির হুঁশিয়ারি ঢাকার

২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর ভারতে প্রবেশের সময় আকাশপথে নিরাপত্তার দায়িত্বে ছিল ভারতীয় বায়ুসেনার দুটি রাফাল যুদ্ধবিমান। হাসিমারা বায়ুঘাঁটি থেকে ওড়ানো এই যুদ্ধবিমানগুলি তাঁর বিমানকে সুরক্ষিতভাবে ভারতীয় আকাশসীমায় প্রবেশে সহায়তা করেছিল।
ভারতে অবতরণের পর হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে তাঁকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেখানে তাঁদের মধ্যে দীর্ঘ বৈঠক হয় এবং পুরো বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটিকে অবহিত করা হয়। নিরাপত্তার খাতিরে শেখ হাসিনাকে দিল্লির একটি অত্যন্ত সুরক্ষিত বাংলোয় রাখা হয়েছিল, যেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় ছিল।
তবে সম্প্রতি তাঁর বাংলাদেশে ফেরার ইচ্ছাপ্রকাশ ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তাঁর মুখপাত্র জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে তিনি দেশে ফিরতে আগ্রহী। তিনি বাংলাদেশ বিমানের উড়ানেই ঢাকায় ফিরতে চান বলে খবর পাওয়া গিয়েছে।
হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কড়া অবস্থান নিয়েছে। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন, হাসিনা দেশে ফিরলে তাঁকে বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে এবং প্রয়োজনে গ্রেফতার করা হতে পারে। তাঁকে দেশে ফেরানোর জন্য প্রত্যর্পণ চুক্তির আওতায় কূটনৈতিক স্তরে আলোচনা চলছে বলেও জানানো হয়েছে। ফলে ১৬ ডিসেম্বর তাঁর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।