বিচারকের ‘বাহুবলী’ আচরণে সুপ্রিম কোর্টের কড়া বার্তা: পুলিশ সুপারকে শাস্তির নির্দেশ ঘিরে বিতর্ক

বিহারের রোহতাস জেলার সাসারাম আদালতের এক বিচারকের একটি পদক্ষেপ নিয়ে সুপ্রিম কোর্ট কড়া অবস্থান নিয়েছে। একটি অপহরণ মামলার শুনানির সময় নির্যাতিতা তার বয়ান বদল করলে, পুলিশ সুপার রৌশন কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের না করার অভিযোগে ওই বিচারক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৩৮৪ নম্বর ধারার আওতায় পুলিশ সুপারকে এক টাকা প্রতীকী জরিমানা করেন তিনি।

এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে পাটনা হাই কোর্টে মামলা করা হলে, হাই কোর্ট তাতে স্থগিতাদেশ দেয়। হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট বিচারক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সোমবার এই মামলার শুনানিকালে বিচারপতি জয়মাল্য বাগচীর নেতৃত্বাধীন বেঞ্চ বিচারকের আইনি ব্যাখ্যা এবং তড়িঘড়ি পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলে।

আদালতের পর্যবেক্ষণ ছিল, পুলিশ কোনো নির্দেশ না মানলেই তা আদালতের সামনে সংঘটিত অপরাধ হিসেবে গণ্য করা যায় না। এজলাসে মারধর বা বিচারককে অপমান করার মতো ঘটনাকে আদালতের অবমাননা বলা গেলেও, প্রতিটি নির্দেশ অমান্যকে একই শ্রেণিতে ফেলা আইনত ভুল। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, বিএনএসএসের ৩৮৪ নম্বর ধারা এবং আদালতের সামনে সংঘটিত অপরাধের মধ্যে পার্থক্য বোঝা জরুরি।

বেঞ্চ আরও মন্তব্য করেছে যে, নিজের এক্তিয়ারের সীমা অতিক্রম করে কোনো আধিকারিককে তলব এবং একই দিনে দোষী সাব্যস্ত করার মতো পদক্ষেপ উদ্বেগজনক। বিচারকের এই আচরণকে ‘বাহুবলীর মতো’ আখ্যা দিয়ে শীর্ষ আদালত তাকে সতর্ক করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *