বিগ বস ফাইনালে পৌঁছনোর আগে রাজবীরের মিমিক্রি, হাসির বন্যায় ভাসল ঘর

বিগ বস বাংলার গ্র্যান্ড ফিনালের দিকে এগিয়ে চলেছে প্রতিযোগিতার লড়াই। চূড়ান্ত পর্বের আগে যখন বাড়ির পরিবেশ বেশ উত্তপ্ত, ঠিক সেই সময়েই কিছুটা হালকা মেজাজে ধরা দিলেন প্রতিযোগী রাজবীর দে।
সম্প্রতি প্রকাশ্যে আসা একটি প্রোমোতে দেখা যাচ্ছে, রাজবীর বাড়ির অন্যান্য সদস্যদের হাঁটাচলা ও কথা বলার ধরন নকল করে সবাইকে আনন্দ দিচ্ছেন। তাঁর এই মিমিক্রি দেখে সৌরভ, তনুশ্রী ও মনামীরা হাসি চেপে রাখতে পারেননি।
প্রোমোতে দেখা যায়, রাজবীর প্রথমে সৌরভের হাঁটার ভঙ্গি নকল করেন। এরপর তনুশ্রীর অনুরোধে তাঁর হাঁটার ধরন অনুকরণ করতে গিয়ে রাজবীর হাঁটু মুড়ে অদ্ভুত ভঙ্গিতে হাঁটা শুরু করেন। এই দৃশ্য দেখে সৌরভ ও মনামী হাসিতে ফেটে পড়েন। রাজবীরও নিজের এই মজার কাণ্ডকারখানা নিয়ে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন।
সবশেষে মনামীর হাঁটার ধরন নকল করতে গিয়ে রাজবীর র্যাম্পে হাঁটার মতো ভঙ্গি করেন এবং সোফায় বসে মনামীর মতো করে হাসার চেষ্টা করেন। ফাইনালের আগে রাজবীরের এই মজার কাণ্ডকারখানা বাড়ির সদস্যদের মধ্যে এক মুহূর্তের জন্য হলেও স্বস্তির হাওয়া নিয়ে এসেছে। প্রতিযোগিতার চাপের মাঝে রাজবীরের এই মিমিক্রি বিগ বস-এর অন্দরে হাসির রোল তুলেছে।