বাবার বুকে ছেলের গুলি, শিউরে ওঠার মতো ঘটনা!

উত্তর প্রদেশের কৌশাম্বী জেলায় নিজের জন্মদাতা বাবাকে গুলি করে হত্যার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। সোমবার মঞ্জনপুর শহরের কাছে এই ঘটনায় মৃত রামনারেশ কোরি (৪৮) জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। সোমবার বাইকে করে ছেলেকে সঙ্গে নিয়ে মঞ্জনপুরের দিকে যাওয়ার পথে হঠাৎ বাইক থামিয়ে বাবার বুকে পিস্তল দিয়ে পরপর দুটি গুলি চালায় অভিযুক্ত রাহুল। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রামনারেশের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, গত ছয় মাস ধরে টাকা-পয়সার জোগান ও সংসারের খরচ নিয়ে পরিবারের সঙ্গে রামনারেশের তীব্র অশান্তি চলছিল। স্ত্রী ও সন্তানদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় তিনি আলাদা বসবাস করতেন। এই পারিবারিক ও আর্থিক বিবাদই খুনের নেপথ্যে রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। নিহতের বড় ভাই রাকেশের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মঞ্জনপুর থানায় রাহুলের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাহুল পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ দল তল্লাশি অভিযান চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *