বাবর-ভক্তদের কাণ্ডজ্ঞানহীন আচরণে তোলপাড়, কিংবদন্তির মৃত্যুকামনায় ধিক্কার! – বর্তমান বাংলা

বাবর-ভক্তদের কাণ্ডজ্ঞানহীন আচরণে তোলপাড়, কিংবদন্তির মৃত্যুকামনায় ধিক্কার! – বর্তমান বাংলা

বাবর আজমের ভক্তদের ‘বর্বর’ বলে তোপ দাগলেন পাক ক্রিকেটার আজম খান

নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের লক্ষ্য করে ক্রমাগত কুরুচিকর মন্তব্য ও আক্রমণের বিরুদ্ধে সরব হলেন উইকেটকিপার-ব্যাটার আজম খান। সম্প্রতি এক পডকাস্টে তিনি বাবর আজমের ভক্তদের তীব্র ভাষায় আক্রমণ করে তাঁদের ‘অশিক্ষিত’ ও ‘বর্বর’ বলে অভিহিত করেছেন।

আজম খান জানান, বাবর আজমের অন্ধ ভক্তরা ব্যক্তিগত আক্রমণ করতে গিয়ে সীমা অতিক্রম করে ফেলেন। তিনি নিজের একটি তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, “একটি ম্যাচে বাবর ৭৫ রানে অপরাজিত থাকাকালীন আমি জয়ের জন্য রান করছিলাম। তখন বাবরের এক ভক্ত ইনস্টাগ্রামে মন্তব্য করে যে, আমি যদি বাবরের সেঞ্চুরি আটকাই, তবে আমার মা মারা যাবেন এবং বাবার ক্যানসার হবে।” আজমের মতে, ভক্তদের এই ধরনের আচরণ অত্যন্ত নিম্নরুচির। তিনি অবশ্য সরাসরি বাবর আজমকে দোষারোপ করেননি, তবে তাঁর ভক্তদের এই উন্মাদনাকে ‘বর্বরতা’ বলে বর্ণনা করেছেন।

এর আগেও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার উইয়ান মুল্ডারের সঙ্গে বাবরের মতপার্থক্যের সময়ও সংশ্লিষ্ট ক্রিকেটারের সোশ্যাল মিডিয়ায় বাবর-ভক্তদের কুৎসিত মন্তব্যের বিষয়টি আজম স্মরণ করিয়ে দেন।

উল্লেখ্য, প্রাক্তন পাক তারকা মইন খানের পুত্র আজম খানের সঙ্গে বাবর আজমের সম্পর্ক দীর্ঘকাল ধরেই তিক্ত। বাবরের অধিনায়কত্বকালে আজম দলে নিয়মিত সুযোগ পাননি, এমনকি তাঁর শারীরিক গঠন নিয়েও একাধিকবার প্রকাশ্যে কটাক্ষ শুনতে হয়েছে। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আজম জানান, গত দুই বছরে তিনি সোশ্যাল মিডিয়ার এই নোংরা দিকটি খুব কাছ থেকে দেখেছেন। তবে এসবে এখন আর তিনি বিচলিত নন এবং নিজের সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স বন্ধ করবেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

২৮ বছর বয়সি আজম খান পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২৪ সালে তিনি শেষবার জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *