বাণিজ্যিক স্বার্থে ফাইনাল ফিক্সিং! ক্ষোভ উগরে দিলেন শ্রীলঙ্কান কোচ – বর্তমান বাংলা

সাফের রেফারিং নিয়ে ক্ষুব্ধ শ্রীলঙ্কার কোচ, আয়োজকদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
সাফ চ্যাম্পিয়নশিপে রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। বিশেষ করে ভুটানের বিপক্ষে ম্যাচ শেষে আয়োজক দেশ এবং ভারতের প্রতি টুর্নামেন্ট পরিচালনায় পক্ষপাতের অভিযোগ তুলেছেন তিনি।
সংবাদ সম্মেলনে মুতাইরি সরাসরি অভিযোগ করেন, বাণিজ্যিক স্বার্থে সাফ আয়োজকরা ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চায়। তিনি বলেন, “যদি ভারত ও বাংলাদেশকে নিয়েই টুর্নামেন্ট আয়োজন করতে চান, তবে অন্য দলগুলোকে ডেকে সময় নষ্ট করার প্রয়োজন নেই। তাদের আলাদা প্লে-অফ খেলার সুযোগ দিন।”
ভুটানের বিপক্ষে ম্যাচে রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলে লঙ্কান কোচ জানান, তার দলের খেলোয়াড়রা বারবার ফাউলের শিকার হলেও রেফারি কোনো ব্যবস্থা নেননি। উল্টো শ্রীলঙ্কা বল দখল করতে গেলেই ফাউলের বাঁশি বাজানো হয়েছে। তিনি পেনাল্টি না পাওয়া এবং ভুটানের দ্বিতীয় গোলটি অফসাইড থাকার দাবি তোলেন। ভিএআর না থাকায় টুর্নামেন্টের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মুতাইরি বলেন, “এএফসি বা ফিফার সেরা রেফারি আনতে না পারলে অন্তত ভিএআর রাখা হোক। শুধু সেমিফাইনাল বা ফাইনালে নয়, প্রতিটি ম্যাচেই এটি প্রয়োজন।”
টুর্নামেন্টের অতীত পরিসংখ্যান টেনে তিনি দাবি করেন, আয়োজক দেশ ও ভারতের প্রতি রেফারির নমনীয়তা পুরোনো ঘটনা। এটি কোনো নির্দিষ্ট দেশের বিষয় নয়, বরং ন্যায্য খেলার (ফেয়ার প্লে) পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন।
সব বিতর্ক পেছনে ফেলে এখন শ্রীলঙ্কার লক্ষ্য আগামী ১১ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি। সেমিফাইনালের টিকিট পেতে এই ম্যাচে ড্র করা প্রয়োজন শ্রীলঙ্কার। প্রতিপক্ষ হিসেবে স্বাগতিক বাংলাদেশকে সমীহ করলেও কোনো ভয় নেই বলে জানান মুতাইরি। তিনি দৃঢ়কণ্ঠে বলেন, “আমি কাউকে ভয় পাই না। ফুটবল ১১ জনের বিরুদ্ধে ১১ জনের খেলা। আমি কথা দিচ্ছি, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সেরা ম্যাচ হবে।”