বাড়ির সামনে ‘তৃণমূল প্রবেশ নিষেধ’ ব্যানার, শোরগোল ফেলে দিলেন বিজেপি নেতা!
বর্ধমান শহরের শাঁকারিপুকুর এলাকায় বিজেপির ৪ নম্বর নগর মণ্ডলের সহ-সভাপতি মানস কুমার দের বাড়ির গেটে একটি রাজনৈতিক ব্যানার টাঙানোকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ব্যানারে স্পষ্ট লেখা রয়েছে যে, তৃণমূলের কোনো কর্মী-সমর্থকের বিজেপিতে কোনো জায়গা নেই এবং তাঁদের কোনো অনুরোধ নিয়ে বাড়িতে না আসার জন্য সতর্ক করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার সৃষ্টি হয়েছে।
মানস কুমার দের দাবি, রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের বহু কর্মী বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করে তাঁর বাড়িতে যোগাযোগ করছেন। তবে দল ও সাধারণ মানুষ যাঁদের বিরুদ্ধে রায় দিয়েছেন, তাদের দলে নেওয়ার প্রয়োজন নেই বলে তিনি জানান। দলীয় নেতৃত্বের নির্দেশ মেনেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে তাঁর দাবি। অন্যদিকে, তৃণমূল নেতা দেবু টুডু এই ব্যানারকে সস্তা রাজনৈতিক প্রচারের কৌশল বলে অভিহিত করে অভিযোগ করেছেন যে, বিজেপি উল্টো তৃণমূল কর্মীদের ওপর চাপ সৃষ্টি করে ভয় দেখানোর চেষ্টা করছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ঘটনা এলাকায় রাজনৈতিক সংঘাতের বিতর্ককে আরও বাড়িয়ে দিয়েছে।