বাজি পোড়ানোর প্রাচীন রীতির নেপথ্যে বৈজ্ঞানিক যুক্তি রয়েছে, দাবি মোহন ভাগবতের

নাগপুরে দীপাবলি মিলন উৎসবে যোগ দিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত উৎসবের প্রাচীন রীতিনীতি ও তার বৈজ্ঞানিক তাৎপর্য নিয়ে মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, অতীতে বাজি পোড়ানো পরিবেশকে বিশুদ্ধ করতে সাহায্য করত। ভাগবতের মতে, আগে বাজি তৈরিতে যে ধরনের উপাদান ব্যবহৃত হত, তা বর্তমানে ব্যবহৃত রাসায়নিকের থেকে সম্পূর্ণ আলাদা। সেই সময়কার বাজির ধোঁয়া কীটনাশকের মতো কাজ করত, যা ফসল তোলার মরসুমে ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংস করতে কার্যকর ছিল।
সংঘপ্রধান আরও জানান, কালীপুজোয় প্রদীপ জ্বালানোর রীতির পেছনেও নির্দিষ্ট বিজ্ঞান রয়েছে। ঘি ও তেল দিয়ে প্রদীপ জ্বালালে তা পরিবেশে এক বিশেষ বাতাসের স্তর তৈরি করে, যা মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য উপকারী। তিনি মনে করেন, ঐতিহ্যবাহী প্রথাগুলির প্রকৃত তাৎপর্য বুঝে উৎসব পালন করলে মানুষ ও প্রকৃতি উভয়েই উপকৃত হয়। উৎসবকে সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, শত বিরোধিতা সত্ত্বেও উৎসব পালন বন্ধ হবে না, তবে সঠিক মনোভাব নিয়ে তা উদযাপন করা প্রয়োজন।
উল্লেখ্য, বর্তমানে দিল্লি ও মুম্বইয়ের মতো বড় শহরগুলিতে দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় বাজি পোড়ানো নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। আদালত পরিবেশবান্ধব বাজি ব্যবহারের নির্দেশ দিলেও বিভিন্ন স্থানে নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এর আগে কালীপুজোর অনুষ্ঠানে বাজি নিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে সংঘপ্রধানের এই মন্তব্য উৎসবের রীতিনীতি ও পরিবেশের ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।