বাগডোগরায় স্পাইসজেট বিমান বাতিল, কর্মীকে সাসপেন্ড ঘিরে ধুন্ধুমার!
বাগডোগরা বিমানবন্দরে দিল্লিগামী স্পাইসজেটের একটি উড়ান বাতিলকে কেন্দ্র করে যাত্রী ও বিমান সংস্থার কর্মীদের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা ও গালিগালাজের ঘটনা ঘটেছে। গত ১৩ জুন এসজি ১৫১ নম্বর উড়ানটি বিকেল ৪টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও তা বারবার সময় পরিবর্তন করে শেষ পর্যন্ত বাতিল করা হয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও বিকল্প কোনো ব্যবস্থা না করা এবং নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ যাত্রীরা বিমানবন্দর চত্বরে প্রবল বিক্ষোভ ও বচসায় লিপ্ত হন।
এই পরিস্থিতির ব্যাখ্যায় স্পাইসজেট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটি বাগডোগরায় নামতে না পেরে কলকাতায় চলে যায় এবং বিমানবন্দরের ‘ওয়াচ আওয়ার’ বিধিনিষেধের কারণে শেষ পর্যন্ত উড়ানটি বাতিল করতে হয়। তবে যাত্রীদের সাথে দুর্ব্যবহারের দায়ে সংশ্লিষ্ট এক নারী কর্মীকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করেছে বিমান সংস্থাটি। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিমান সংস্থার যাত্রী পরিষেবা ও ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।