বাগডোগরায় দীপাবলি, শত্রুকে রুদ্র হুঁশিয়ারি রাজনাথের! – বর্তমান বাংলা

বাগডোগরায় দীপাবলি, শত্রুকে রুদ্র হুঁশিয়ারি রাজনাথের! – বর্তমান বাংলা

বদলানো যুদ্ধের মোকাবিলায় ‘কমব্যাট রেডিনেস’ বজায় রাখার ডাক প্রতিরক্ষামন্ত্রীর: অগ্নিবীরদের জন্য বিশেষ ঘোষণা

বাগডোগরা: দেশের প্রতিরক্ষায় বাগডোগরা বিমানঘাঁটির কৌশলগত গুরুত্বের ওপর জোর দিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একে দেশের ‘শক্তিশালী বর্ম’ হিসেবে অভিহিত করেছেন। বর্তমান যুগে যুদ্ধের পরিবর্তনশীল প্রকৃতির কথা মাথায় রেখে তিনি জওয়ানদের সাইবার নিরাপত্তা, ড্রোন প্রযুক্তি ও প্রক্সি ওয়ারের মতো ‘হাইব্রিড’ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সর্বদা ‘কমব্যাট রেডিনেস’ বা যুদ্ধের প্রস্তুতিতে থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “প্রযুক্তি যতই আধুনিক হোক না কেন, শৃঙ্খলা ও সাহসই যুদ্ধের আসল চাবিকাঠি।”

জনসাধারণের সঙ্গে সেনার সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, সেনার মার্জিত আচরণ ও সংযমই শত্রুপক্ষের বিভাজনের চক্রান্ত ব্যর্থ করার সর্বোত্তম হাতিয়ার। এছাড়া, ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের আওতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন ও আধুনিক সামরিক সরঞ্জামের ভূয়সী প্রশংসা করে তিনি জানান, এসব সরঞ্জাম জওয়ানদের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

শত্রুদেশকে কড়া বার্তা দিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমাদের সেনা ভগবান শিবের মতো শান্ত, কিন্তু প্রয়োজনে রুদ্র রূপ ধারণ করতে দ্বিধা করে না। শত্রুরা যেন সবসময় প্রার্থনা করে, যাতে সেই রুদ্র রূপ তাদের দেখতে না হয়।”

ভাষণের শেষ পর্যায়ে অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা করেন রাজনাথ সিং। তিনি জানান, ‘অগ্নিপথ’ প্রকল্পের অবশিষ্ট ৭৫ শতাংশ অগ্নিবীরের জন্য ইচ্ছা অনুযায়ী আরও দুই বছর অতিরিক্ত সেবা প্রদানের সুযোগ দেওয়া হবে। পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে তাঁদের স্থায়ীভাবে সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির পথও প্রশস্ত করা হয়েছে। এই সিদ্ধান্তকে তিনি জওয়ানদের জন্য ‘দীপাবলির উপহার’ বলে অভিহিত করেন। অনুষ্ঠান শেষে তিনি সকল জওয়ান ও তাঁদের পরিবারের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *