বাংলা ও আসামে বিজেপির ভোট চুরির জলজ্যান্ত উদাহরণ দেখল দেশ, সরব রাহুল গান্ধী

গণনার প্রবণতা আসতেই এবার নির্বাচন কমিশনের ভূমিকা এবং বিজেপির বিরুদ্ধে ‘ভোট চুরির’ বিস্ফোরক অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যমে তিনি দাবি করেছেন, আসাম এবং পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে জালিয়াতি করা হয়েছে।

রাহুল গান্ধীর অভিযোগ, নির্বাচন কমিশনের প্রত্যক্ষ মদতে বিজেপি এই ভোট চুরির প্রক্রিয়া চালিয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, এ বিষয়ে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত। রাহুলের দাবি, কেবল বাংলাতেই ১০০-র বেশি আসন ‘চুরি’ করেছে গেরুয়া শিবির।

বিজেপির এই রণকৌশলকে পুরোনো অভ্যেস বলে কটাক্ষ করে কংগ্রেস নেতা মনে করিয়ে দিয়েছেন মধ্যপ্রদেশ, হরিয়ানা ও মহারাষ্ট্রের কথা। এমনকি ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও একই ধরনের কারচুপি হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। তাঁর প্রশ্ন, ভোট চুরি ও প্রাতিষ্ঠানিক চুরির মাধ্যমে যদি গণতন্ত্রকে ধ্বংস করা হয়, তবে সাধারণ মানুষের কাছে আর কী পথ খোলা আছে?

গণনার সকালে যখন সারা দেশের নজর আসাম ও বাংলার দিকে, তখন রাহুলের এই আক্রমণ দিল্লির রাজনীতিতে নয়া মাত্রা যোগ করল। তাঁর মতে, ইভিএম ও প্রতিষ্ঠানের অপব্যবহার করে জনমতকে বদলে দিচ্ছে বিজেপি। এই মন্তব্য নিয়ে ইতিমধ‍্যেই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

প্রতিবেদক বর্তমান ঠাকুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *