বাংলায় এবার নতুন সূর্য, ‘পাল্টেছে এইবার, এলো বিজেপি সরকার’ গানে জয়ের উদযাপন
নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক পটপরিবর্তন ঘটিয়ে বাংলার মসনদে আসীন হয়েছে ভারতীয় জনতা পার্টি। ২০৭টি আসনে বিপুল জয়লাভের পর এবার বিজয়ী বেশে নতুন থিম সং প্রকাশ করল গেরুয়া শিবির। নির্বাচনের আগে তাদের মূল স্লোগান ছিল ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’। জয়ের পর সেই স্লোগানই পরিবর্তিত হয়ে রূপ নিয়েছে ‘পাল্টেছে এইবার, এলো বিজেপি সরকার’।
বিজেপি সূত্রের খবর, এই নতুন গান ও স্লোগানকে পাথেয় করেই আগামীর কর্মপরিকল্পনা সাজাচ্ছেন দলের শীর্ষ নেতৃত্ব। প্রকাশিত ভিডিওটিতে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন ঘটানো হয়েছে। সেখানে একদিকে যেমন গঙ্গা, দ্বিতীয় হুগলি সেতু ও গঙ্গাসাগরের দৃশ্য রয়েছে, তেমনই গুরুত্ব পেয়েছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো ও মা কালীর মাহাত্ম্য। এমনকি প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে ঝালমুড়ি খাওয়ার মুহূর্তটিও ভিডিওতে তুলে ধরা হয়েছে, যা জয়ের নেপথ্যে থাকা জনসম্পর্কের রসায়নকে নির্দেশ করে।
উন্নয়ন ও সুশাসনের সংকল্প
নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণই এখন নবনির্বাচিত সরকারের প্রধান লক্ষ্য। প্রচার পর্বে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার আশ্বাস দিয়েছিলেন যে, রাজ্যে ভয়ের পরিবেশ দূর করে ‘ভরসা’ ফিরিয়ে আনা হবে। নতুন এই ভিডিওর মাধ্যমে সেই সংকল্পকেই পুনরায় সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়েছে। বিশেষ করে মা কালী ও দুর্গাপুজোর অনুষঙ্গ ব্যবহারের মাধ্যমে বাংলার কৃষ্টির প্রতি বিজেপির দায়বদ্ধতা প্রকাশের চেষ্টা করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই গান প্রকাশের মাধ্যমে বিজেপি কেবল জয় উদযাপন করছে না, বরং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করতে চাইছে। তৃণমূল জমানার অবসান ঘটিয়ে সুশাসন ও দুর্নীতিরোধের যে অঙ্গীকার তারা করেছিল, নতুন গানের প্রতিটি ছত্রে সেই বার্তাই দেওয়া হয়েছে। আগামী দিনগুলোতে এই স্লোগানকে সামনে রেখেই রাজ্য প্রশাসন ও দলীয় সংগঠন পরিচালিত হবে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে পদ্ম শিবির।