বাংলাদেশে গিয়ে ভোটে লড়ুন, মমতাকে তীব্র কটাক্ষ বিজেপি বিধায়কের! – বর্তমান বাংলা

বাংলাদেশ থেকে ভোটে দাঁড়ানোর পরামর্শ বিজেপি সাংসদের, মমতাকে তীব্র আক্রমণ জ্যোতির্ময় সিং মাহাতোর
দুর্গাপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে চরম বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। দুর্গাপুরে আয়োজিত দলের একটি সভায় যোগ দিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ থেকে নির্বাচনে দাঁড়ানোর পরামর্শ দেন। এমনকি, সেখানে তিনি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে কটাক্ষ করেন।
রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপি সাংসদ বলেন, “যাঁদের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী জেতার চেষ্টা করছেন, তাঁরা সবাই বাংলাদেশে চলে গিয়েছেন। তাঁরা আর ফিরে আসতে পারবেন না।” এরপরই নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি বাংলাদেশে চলে যান। সেখানে জামায়াতে ইসলামির প্রতীক নিয়ে দাঁড়ান। হতে পারে আপনি সেখানকার প্রধানমন্ত্রীও হয়ে যাবেন।”
তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তোপ দেগে বিজেপি সাংসদ আরও বলেন, “বিদেশি শক্তির থেকে টাকা নিয়ে এখানে নাচবেন আর বাংলাদেশ বানানোর চেষ্টা করবেন, সেটা আর হবে না। ভারতবর্ষ নেপাল বা ফ্রান্স নয়, যে যখন খুশি যা ইচ্ছে করা যাবে।” তাঁর অভিযোগ, বিদেশি শক্তির মদতে রাজ্যে বিভেদ ও হিংসা ছড়ানোর চেষ্টা চলছে, যা কোনোভাবেই সফল হবে না।
পাশাপাশি, নিজের দলের কর্মসূচিতে মানুষের উপস্থিতিকে বিজেপির ক্রমবর্ধমান শক্তির বহিঃপ্রকাশ হিসেবে ব্যাখ্যা করেন জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি দাবি করেন, বিজেপির জনসভাগুলোতে যেভাবে সাধারণ মানুষ ভিড় করছেন, তাতে বিরোধীদের ঘুম উড়ে গিয়েছে এবং তারা যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে। কালীপুজোর মরশুমে বিজেপি সাংসদের এই কড়া ও বিতর্কিত মন্তব্য দুর্গাপুরের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার সৃষ্টি করেছে।