বন্ধ হবে কি তারাপীঠে মা তারার দর্শনে টাকার খেলা!
তারাপীঠ মন্দিরে পুজো ও দর্শনের নামে অবৈধভাবে অর্থ আদায় এবং আর্থিক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আট সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে বীরভূম জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে সাধারণ ভক্তদের কাছ থেকে বেআইনি উপায়ে টাকা নেওয়া এবং ভুয়ো পরিষেবা দেওয়ার অভিযোগ সামনে আসার পর এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রামপুরহাট মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক এবং কোষাগারের হিসাবরক্ষকসহ আটজন পদস্থ আধিকারিককে নিয়ে গঠিত এই কমিটি বিশেষ দর্শনের নামে আদায় করা অর্থের উৎস ও ব্যয়ের হিসাব খতিয়ে দেখবে।
রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহাসহ একাধিক ব্যক্তির লিখিত অভিযোগের পর তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের দায়িত্বে থাকা জেলা শাসক এই তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযোগ রয়েছে, মন্দিরে অতিরিক্ত অর্থ দিলে দ্রুত দর্শনের সুযোগ মিললেও সাধারণ পুণ্যার্থীদের দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হচ্ছে, অথচ সংগৃহীত সেই বিপুল অর্থ সরকারি কোষাগারে জমা পড়ছে না। একশ্রেণির সেবায়েত ও পুরোহিতের বিরুদ্ধে ওঠা এই আর্থিক অনিয়মের তদন্তে প্রশাসনের এই কঠোর পদক্ষেপের ফলে তীর্থক্ষেত্রে দালাল চক্রের দৌরাত্ম্য ও পুণ্যার্থী হয়রানি কমবে বলে আশা করা হচ্ছে।