বজ্রপাতে ছাই কোলাঘাটের ৩ নম্বর ইউনিট! বড়সড় ক্ষতির মুখে সরকার?
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিটে অগ্নিকাণ্ড, ভস্মীভূত কোটি টাকার সম্পত্তি
বৃহস্পতিবার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিটের ছাদে তীব্র শব্দে বাজ পড়ার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় টারবাইন, কন্ট্রোল রুম ও বয়লার-সহ গোটা ইউনিটটি কার্যত ভস্মীভূত হয়েছে। প্রাথমিক অনুমান অনুযায়ী, এই দুর্ঘটনায় কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে ভাগ্যক্রমে টারবাইনের নিচে থাকা হাইড্রোজেন চেম্বারটি অক্ষত থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। দমকলের তিনটি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্তে শুক্রবার বিদ্যুৎ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও ফরেন্সিক বিশেষজ্ঞরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তাপবিদ্যুৎ কেন্দ্রে বজ্র নিরোধক ব্যবস্থা থাকা সত্ত্বেও বিপর্যয়ের ঘটনায় রক্ষণাবেক্ষণের অভাবের অভিযোগ তুলেছেন কর্মীরা। তাদের অভিযোগ, বজ্র নিরোধক ব্যবস্থাটি দীর্ঘদিন অকেজো অবস্থায় পড়ে ছিল। এ বিষয়ে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে অবিলম্বে অত্যাধুনিক বজ্র নিরোধক ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে। তবে তাপবিদ্যুৎ কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন, ৩ নম্বর ইউনিট পুরোপুরি ক্ষতিগ্রস্ত হলেও রাজ্যে বিদ্যুৎ উৎপাদনে এর কোনো প্রভাব পড়বে না, কারণ এই কেন্দ্রে সাধারণত প্রতিদিন গড়ে দুটি ইউনিটেই বিদ্যুৎ উৎপাদন হয়।