বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি শনিবারের মধ্যে আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উঁচুতে ঘূর্ণাবর্তের প্রভাবে রবিবার গভীর নিম্নচাপ তৈরি হবে। এটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার সন্ধ্যায় মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টির অভিমুখ আপাতত উত্তর-পশ্চিম দিকে থাকলেও, এটি কোথায় আছড়ে পড়বে বা এর গতিপথ কী হবে, তা নিয়ে এখনও নিশ্চিত তথ্য মেলেনি। তবে উত্তরবঙ্গে এর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই।
ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকে উপকূলবর্তী জেলা যেমন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে রাজ্যজুড়ে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে দক্ষিণবঙ্গে পুনরায় শুকনো আবহাওয়া ফিরে আসবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুকনোই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।