বঙ্গবন্ধুর মাজার ও শেখ হাসিনার পৈত্রিক ভিটা রক্ষায় টুঙ্গিপাড়ায় লাখো মানুষের জমায়েত ডাকল আওয়ামী লীগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার এবং শেখ হাসিনার পৈত্রিক ভিটা ভাঙার আশঙ্কা প্রকাশ করেছে আওয়ামী লীগ। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় টুঙ্গিপাড়ায় লাখো মানুষের জমায়েত করার উদ্যোগ নিয়েছে দলটি।
আওয়ামী লীগের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, প্রতিটি বাড়ি থেকে অন্তত দু’জনের থাকা ও খাওয়ার ব্যবস্থা করার জন্য। দলের অভিযোগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গোপালগঞ্জকে আওয়ামী লীগের প্রভাবমুক্ত করতে বড় ধরনের অভিযানের পরিকল্পনা করা হয়েছে।
গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও মাজার ভাঙার এমন আশঙ্কা তৈরি হয়েছিল, তখন দলীয় কর্মীরা মানব প্রাচীর তৈরি করে তা রক্ষা করেছিলেন। এবারও একই ধরনের ষড়যন্ত্রের খবর পেয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টের পর থেকে বঙ্গবন্ধুর মাজার সাধারণের জন্য বন্ধ ছিল এবং সেখানে নিয়মিত পরিচর্যাও ব্যাহত হচ্ছিল। গত রবিবার আওয়ামী লীগের উদ্যোগে গোপালগঞ্জ সদরে বিশাল জমায়েত হয় এবং মাজারটি সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য পুনরায় খুলে দেওয়া হয়। বর্তমানে শত শত নেতাকর্মী ও সমর্থক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাজার এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চালিয়ে যাচ্ছেন।