বকখালির বালিতে নিখোঁজ তরুণীর দেহ! গ্রেফতার প্রেমিক, শোরগোল এলাকায়।
দক্ষিণ ২৪ পরগনার বকখালির হেনরি আইল্যান্ড লাগোয়া সমুদ্রসৈকত থেকে আবিয়া বিবি নামে এক নিখোঁজ তরুণীর পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিয়ারুল সর্দার নামে মৃতার প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। প্রায় তিন সপ্তাহ আগে প্রেমিকের সঙ্গে বকখালিতে ঘুরতে গিয়ে তরুণী নিখোঁজ হন। পরে পরিবারের দায়ের করা নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ এই রহস্যের কিনারা করে।
তদন্তে উঠে এসেছে, জিয়ারুল ও আবিয়ার মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন ও অশান্তি চলছিল। পুলিশের প্রাথমিক অনুমান, সেই ক্ষোভের জেরেই গত ১৬ মে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে আবিয়াকে হত্যা করেছে অভিযুক্ত। খুনের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে হেনরি আইল্যান্ডের এক নির্জন সৈকতে বালি খুঁড়ে দেহ লুকিয়ে রাখা হয়েছিল। পুলিশি জেরার মুখে জিয়ারুল নিজের অপরাধ স্বীকার করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।