ফিফা বিশ্বকাপ দেখতে গিয়ে ZEE5-এ চরম ভোগান্তি, ক্ষুব্ধ দর্শকরা!
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ZEE5-এর প্রযুক্তিগত ত্রুটিতে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা
ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ঘিরে লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম ZEE5-এর প্রযুক্তিগত ত্রুটি ও বিতর্কিত নীতির কারণে ব্যাপক ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ দর্শক। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচের শুরু থেকেই সার্ভার ডাউন থাকা, লগইনে সমস্যা এবং বারবার অ্যাপ ক্র্যাশ করার মতো ঘটনায় দর্শকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। ম্যাচ চলাকালীন ভিডিও ফ্রিজ হওয়া ও বাফারিংয়ের ফলে অনেক দর্শক খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।
এই অস্থিরতার মূলে ছিল প্ল্যাটফর্মটির সাবস্ক্রিপশন নীতিতে আকস্মিক পরিবর্তন। ৭৯৯ টাকার ফিফা বিশ্বকাপ প্যাকেজে ডিভাইসের সংখ্যা তিনটি থেকে কমিয়ে একটিতে সীমাবদ্ধ করায় দর্শকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। যদিও তীব্র প্রতিক্রিয়ার মুখে পরে পুরোনো সুবিধা বহাল করা হয়, তবে ফোর-কে স্ট্রিমিং ও পেশাদারিত্বের অভাব নিয়ে প্রশ্ন থেকেই গেছে। এই পরিস্থিতির সমাধানে প্ল্যাটফর্মটি দর্শকদের অ্যাপের ক্যাশ মেমোরি ক্লিয়ার করা, অ্যাপ পুনরায় ইনস্টল করা, ব্রাউজারের কুকিজ মুছে ফেলা এবং সব ডিভাইস থেকে লগআউট করে নতুন করে লগ-ইন করার পরামর্শ দিয়েছে।