প্রতিরক্ষা খাতে ভারতের অবিশ্বাস্য জয়জয়কার, রফতানি ও উৎপাদনে গড়ল নতুন রেকর্ড!
২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। পাশাপাশি, প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি থেকেও ৩৮,৪২৪ কোটি টাকার রেকর্ড আয় করেছে দেশটি। বুধবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের ঘোষণা দিয়ে জানান, আগের অর্থবর্ষের তুলনায় প্রতিরক্ষা উৎপাদন ১৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ২০১৩-১৪ সালের তুলনায় এই উৎপাদন প্রায় চার গুণ বেড়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের ফলে প্রতিরক্ষা শিল্পে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। সামগ্রিক উৎপাদনে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর অবদান ৭৬ শতাংশ হলেও, বেসরকারি খাতের অংশগ্রহণ ২২ শতাংশ থেকে বেড়ে ২৪ শতাংশে দাঁড়িয়েছে। বেসরকারি খাতের ৪২,০০০ কোটি টাকার অবদান ভারতের প্রতিরক্ষা ইকোসিস্টেমকে আরও গতিশীল করেছে, যা আন্তর্জাতিক বাজারে ভারতের প্রতিরক্ষা সরঞ্জামকে ক্রমবর্ধমানভাবে নির্ভরযোগ্য করে তুলেছে।