পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব গিরিশ পার্ক থানার

পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তাঁকে আগামী ২০ নভেম্বর বেলা ১২টার সময় গিরিশ পার্ক থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারীদের দাবি, সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা-সহ একাধিক পুলিশ আধিকারিককে নিয়ে অভিষেক যে মন্তব্য করেছিলেন, তা থেকেই এই বিতর্কের সূত্রপাত। এক মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশের কাজে বাধা দেওয়ার ধারায় এই মামলা রুজু করা হয়েছে।
অভিষেকের বিরুদ্ধে অভিযোগ, তিনি জনসমক্ষে পুলিশ আধিকারিকদের হুমকি দিয়েছেন এবং ব্যক্তিগত আক্রমণ করেছেন। গত অক্টোবরে এক সভায় অভিষেক মন্তব্য করেছিলেন যে, পক্ষপাতদুষ্ট পুলিশ আধিকারিকদের নাম লিখে রাখা হচ্ছে এবং ভবিষ্যতে তাঁদের কাছ থেকে সব হিসেব নেওয়া হবে। সেই সময় তিনি নাম না করে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ তুলেছিলেন। তাঁর দাবি ছিল, তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অভিষেকের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। গত ২৭ অগস্ট ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশ ও পুরসভার আধিকারিকদের সঙ্গে বচসার ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল। এছাড়া গত ৬ নভেম্বর কালীঘাটে জন্মদিন পালনকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সঙ্গে সংঘর্ষ ও পুলিশকে হেনস্থার ঘটনায় কালীঘাট থানায় চারটি মামলা রুজু হয়েছে, যেখানেও অভিষেকের নাম রয়েছে। এই সমস্ত ঘটনার প্রেক্ষিতেই তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন।