পুরভোটের আগে আগরতলাবাসীর জন্য মুখ্যমন্ত্রীর ঝুলিভর্তি চমক! – বর্তমান বাংলা

উন্নয়নের খতিয়ান সামনে রেখে মনোনয়ন জমা বিজেপির, প্রচারে মরিয়া শাসকদল
আগরতলা: আগরতলা পুরনিগম নির্বাচনের প্রাক্কালে মনোনয়ন জমার মিছিলে শক্তি প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বুধবার দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক বর্ণাঢ্য মিছিলে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার উপস্থিতিতে শহরজুড়ে সাজ সাজ রব পড়ে যায়।
এদিন মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, দলের রাজ্য প্রভারি প্রতিমা ভৌমিক এবং রামনগরের বিধায়ক দীপক মজুমদারসহ দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব। কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে শহরের রাজপথে এক উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।
মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, “গত কয়েক বছরে আগরতলা শহরের যে আমূল পরিবর্তন সাধিত হয়েছে, সেই উন্নয়নের খতিয়ান নিয়েই আমরা মানুষের কাছে যাচ্ছি।”
শহরের পরিকাঠামোগত উন্নয়নের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, আগরতলার দীর্ঘদিনের জলযন্ত্রণা দূর করতে কভার ড্রেন নির্মাণ ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা কার্যকর করা হয়েছে। সেই সঙ্গে শহরের সৌন্দর্য ও নিরাপত্তার স্বার্থে ঝুলন্ত বিদ্যুতের তারের পরিবর্তে মাটির নিচ দিয়ে লাইন বসানোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
স্বাস্থ্য ও আবাসন খাতের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি জানান, পুরনিগমের অধীনে ৫০ শয্যার হাসপাতাল চালু হয়েছে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় দুঃস্থদের জন্য নতুন আবাসন টাওয়ার তৈরি করা হয়েছে। যানজট নিরসনে ‘রিং রোড’ তৈরির পরিকল্পনা ছাড়াও জলশয় পুনরুদ্ধার, বর্জ্য ব্যবস্থাপনা এবং ইউনিটি মল নির্মাণসহ একাধিক মেগা প্রজেক্টের কাজ চলমান রয়েছে। এছাড়া নতুন ডেন্টাল কলেজ ও বিএসসি নার্সিং কোর্স চালুর মাধ্যমে স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করা হচ্ছে।
সবশেষে মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন, বিগত কয়েক বছরে শহরে যে সামগ্রিক রূপান্তর ঘটেছে, তার রিপোর্ট কার্ড সাধারণ মানুষের কাছে ইতিবাচক সাড়া ফেলবে। ৫১টি ওয়ার্ডেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন বলে তিনি আশাপ্রকাশ করেন।