পাহাড়ি উপত্যকায় প্রাণ হারালেন বাঁকুড়ার চার অভিযাত্রী, ফিরল নিথর দেহ! – বর্তমান বাংলা

উত্তরাখণ্ডের ট্রেকিংয়ে নিহত বাঁকুড়ার চার অভিযাত্রীর দেহ ফিরল গ্রামে, শোকের ছায়া
বাঁকুড়া: উত্তরাখণ্ডের গঙ্গোত্রী থেকে কেদারতাল ট্রেকিংয়ে গিয়ে তুষারঝড়ে প্রাণ হারানো বাঁকুড়ার চার অভিযাত্রীর মরদেহ আজ সকালে নিজ গ্রামে পৌঁছাল। শোকস্তব্ধ পরিবার ও এলাকাবাসী তাঁদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য ভিড় করেন।
নিহত চার অভিযাত্রী হলেন বাঁকুড়ার শালবনী গ্রামের রিন্টু মণ্ডল, তাপস বাউরি, উদয় ঘোষ এবং কেশরা গ্রামের মনোজ খাওয়াস। গতকাল দেরাদুন থেকে বিশেষ বিমানে দেহগুলি প্রথমে দিল্লি এবং পরে দমদম বিমানবন্দরে আনা হয়। আজ সকালে কফিনবন্দি দেহগুলি সড়কপথে বাঁকুড়ায় পৌঁছালে গোটা এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়।
উল্লেখ্য, লক্ষ্মীপুজোর আগে বাঁকুড়ার পাঁচ বন্ধুসহ একটি দল গঙ্গোত্রী থেকে কেদারতাল অভিযানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। অভিযানের সময় অত্যন্ত প্রতিকূল আবহাওয়া ও ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ে ওই অভিযাত্রী দলের আটজন নিখোঁজ হয়ে যান। খবর পাওয়ার পরপরই এসডিআরএফ, এনডিআরএফ ও সিভিল এভিয়েশান বোর্ডের যৌথ উদ্যোগে উদ্ধারকাজ শুরু হয়। টানা ছয় দিনের প্রচেষ্টায় বরফের নিচ থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে বাঁকুড়ার চারজনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে।
তবে অত্যন্ত উদ্বেগের বিষয়, একই দলের সদস্য শালবনী গ্রামের রতন ঘোষের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ অভিযাত্রীর সন্ধান পেতে উদ্ধার অভিযান জারি রয়েছে। প্রিয়জনদের অকাল প্রয়াণে শালবনী ও কেশরা গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।