পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে পাকড়াও ধর্ষণে অভিযুক্ত বিধায়ক! – বর্তমান বাংলা

পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে পাকড়াও ধর্ষণে অভিযুক্ত বিধায়ক! – বর্তমান বাংলা

বিমানবন্দর থেকে গ্রেফতার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: গুরুতর অপরাধের অভিযোগে গ্রেফতার হলেন ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস। সোমবার রাতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে বিধায়ককে আটক করা হয়। তিনি কলকাতা থেকে মুম্বই যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন। তদন্ত এড়াতেই তিনি শহর ছাড়ার চেষ্টা করছিলেন বলে পুলিশের দাবি।

ক্যানিং থানার ৫৬১/২০২৬ নম্বর মামলায় বিধায়কের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারায় অভিযোগ রয়েছে। গত ৫ সেপ্টেম্বর দায়ের হওয়া এই মামলার প্রেক্ষিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, বছর তিনেক আগে এক মহিলাকে ঘরের মধ্যে আটকে রেখে ধর্ষণ করেছিলেন পরেশ রাম দাস। এই ঘটনায় ক্যানিংয়ের এসডিপিও-র কাছে ওই নির্যাতিতা অভিযোগ দায়ের করেছিলেন।

উল্লেখ্য, শুধু এই মামলাটিই নয়, পরেশ রাম দাসের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত আরও একাধিক মামলা ও এফআইআর রয়েছে। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন চলাকালীন ক্যানিংয়ে গুলি চালানোর ঘটনায় খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছিল, যার তদন্তভার সিআইডি-র হাতে রয়েছে। ওই মামলাতেও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল বলে জানা গেছে।

বিধায়কের গ্রেফতারির পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *